কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় অস্ত্র মামলায় অভিযুক্ত দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালতের বিচারক। বুধবার সকালে স্পেশাল ট্রাইব্যুনাল-১, কুষ্টিয়ার বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। আসামিরা হলেন, মো. শিপন (২৯) ও মো. রফিকুল আলম ওরফে বাদশা (৩৮)। এদের উভয়ের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার অন্তর্গত ইবি থানাধীন শিবপুর গ্রামে। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর (এ) ধারায় দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ এস এম আসাদুজ্জামান মামুন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সুব্রত কুমার চক্রবর্তী ও মো. গোলাম রসুল।
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন।