সীতাকুণ্ডে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, ৯০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ৪০ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পৌরসভাস্থ ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

জানা গেছে, শুক্রবার গভীর রাতে পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের ভূঁইয়া পাড়া ও গজারিয়া দিঘীর পাড়ে দুটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে দুর্বৃত্বরা। এ ঘটনাকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. রুবেল বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে মোট ৯০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

পৌর বিএনপির সভাপতি ইউসুফ নিজামী এবং সেক্রেটারি ও পৌর কাউন্সিলর সামছুল আলম আযাদ বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প আমার দলের কোন নেতাকর্মী ভাঙচুর করেনি। কিন্তু আমার নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা মামলা দেওয়া হয়েছে যাতে আমাদের নেতাকর্মীরা নির্বাচনী মাঠে প্রচারণা চালাতে না পারে। এটা তাদের  অন্তঃ কোন্দলের কারণে হয়েছে। ওখানে তাদের দুইটি গ্রুপের মধ্যে দীর্ঘ ৫ বছর ধরে বিবাদ বিদ্যমান।

এ বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড  মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, নাম উল্লেখসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ