রবিবার সচিবালয় ঘেরাও কর্মসূচি

সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন

কাউন্সিলর খোকনসহ অন্য

আসামিদের গ্রেফতার দাবি

g ইত্তেফাক রিপোর্ট

ঢাকার উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলাকারী অভিযোগে ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনকে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। গতকাল বুধবার দুপুরে সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক নেতারা এই দাবি জানান।

সমাবেশে ক্র্যাব নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা করে হত্যার চেষ্টায় কাউন্সিলর খোকনসহ অন্যদের গ্রেফতার করা না হলে কেবল সচিবালয়ের সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি নয়, জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনের মঞ্চ তৈরি করা হবে। সেখানে প্রত্যেকটি ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত মঞ্চ ছাড়া হবে না।

ক্র্যাবের সভাপতি আবুল খায়ের বলেন, ‘ওয়ান-ইলেভেনের সময় অনেক নেতা ও তাদের পরিবার সাংবাদিকদের দ্বারস্থ হতেন। বাঁচার জন্য, সাংবাদিকদের সাহায্য পাওয়ার জন্য কী করেন নাই তারা! আর এখন ক্ষমতা পেয়ে সেই সাংবাদিকদের ওপরই নির্যাতন চালাচ্ছেন। এই দিন বেশি দিন থাকবে না। পুলিশের ওপর হামলা হওয়ার কারণে একজন নবনির্বাচিত কাউন্সিলরকে গ্রেফতার করে কারাগারে পাঠালেন অথচ সাংবাদিক নির্যাতনকারীদের ধরছেন না, এটা ঠিক হচ্ছে না। অবিলম্বে নির্যাতনকারীদের গ্রেফতার করুন। এখন একটি বা দুটি ঘটনায় হামলাকারীদের গ্রেফতার করছেন না, কাল যখন আন্দোলনের মঞ্চ তৈরি হবে সেদিন দাবি উঠবে স্বাধীনতার পর সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ঢাকা সিটি নির্বাচন পর্যন্ত যত সাংবাদিককে হত্যা, হামলা-মামলা ও নির্যাতন হয়েছে তার সবগুলোকে ধরতে হবে।’

মানববন্ধন কর্মসূচিতে ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, সাংবাদিকদের ওপর হামলা হওয়ায় নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন, শঙ্কিত ও আতঙ্কিত। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। সাংবাদিকরা সোচ্চার হয়েছে, ডিআরইউও আজ বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। অবিলম্বে হামলা ও নির্যাতনকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশকে আহ্বান জানান তিনি।

ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, দুই মেয়র নির্বাচিত হওয়ার পরও হামলার শিকার সাংবাদিক সুমনকে হাসপাতালে দেখতে যাননি। এ কেমন মেয়র? এমন মেয়রকে চান না ঢাকাবাসী। মেয়র এখন ফুল নিতে ব্যস্ত। ফুল নেবেন এবং আহত সাংবাদিকদেরও দেখতে যেতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, যুগ্ম-সম্পাদক সাখাওয়াত কাওসার,  সাবেক সভাপতি আবু সালেহ আকন, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, মাহবুব আলম লাবলু, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক আকতার হোসেন, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মোকছুদার রহমান ও ডিইউজের সাবেক জনকল্যাণ সম্পাদক মেহেদী হাসান।