‘মালিকদের কাছে জীবনের চেয়ে গাড়ির মূল্য বেশি’

 বিশেষ প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিত্সাসেবা নিশ্চিতে সড়কে চলাচলরত অন্য গাড়ির মালিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। আহত ব্যক্তির রক্ত গাড়িতে লেগে যাবে বলে সড়কে চলাচলরত অন্য গাড়ির মালিকরা তাদের নিজেদের গাড়িতে তুলে নিতে চান না। তাদের কাছে দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবনের চেয়ে গাড়ির মূল্য অনেক বেশি। গতকাল জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ট্রমালিংক আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কে দুর্ঘটনায় আহত মানুষগুলোকে চিকিত্সা দিয়ে আমরা বাঁচাতে পারতাম। তবে দুঃখজনক ও মর্মান্তিক বিষয় হলো—তাদের সময়মতো সঠিক চিকিত্সা দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে অনেকের প্রাণ যাচ্ছে।

ইলিয়াস কাঞ্চন বলেন, আমার স্ত্রী যখন সড়ক দুর্ঘটনায় আহত হন, তখন একই অবস্থা হয়েছিল। তাকে দ্রুততম সময়ে চিকিত্সা দেওয়া সম্ভব হয়নি। সেই রাজবাড়ীতে, সেখানে গাড়ি থামানোর চেষ্টা করা হয়েছিল। সেসময় এটিএম শামসুজ্জামান তার সঙ্গে ছিলেন। আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি থামানোর চেষ্টা করছিলেন তিনি। তবে তিনিও কোনো গাড়ি থামাতে পারেননি। সড়ক দুর্ঘটনায় মিশুক-মুনীরদেরও চিকিত্সা দেওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ডিএমপির দক্ষিণ ট্রাফিক যুগ্ম কমিশনার বাসুদেব বণিক, বিআরটিএর পরিচালক মো. সিরাজুল ইসলাম, ট্রমালিংকের চেয়ারপারসন মোহাম্মদ নূর চৌধুরী প্রমুখ।