৩৬তম বিসিএসের ৩৮ জনকে নিয়োগের নির্দেশ

পিএসসির সুপারিশ থাকার পরেও ৩৬তম বিসিএসে নিয়োগ না পাওয়া ৩৮ জনকে ক্যাডার হিসেবে দুই মাসের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী সালাহ উদ্দিন দোলন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী শুনানি করেন।

সালাহ উদ্দিন দোলন বলেন, বিভিন্ন ক্যাডারে পিএসসি অন্যদের সঙ্গে তাদের নিয়োগের বিষয়ে সুপারিশ করে। কিন্তু তারা নিয়োগ পাননি। পরে মো. জাহাঙ্গীর আলমসহ বাদপড়া ৩৮ জন সুপারিশের তারিখ থেকে নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট করেন। ঐ রিটের ওপর রুল জারি করে আদালত। রুল যথাযথ ঘোষণা করে ৩৮ জনকে ২০১৮ সালের ৩১ জুলাই প্রকাশিত গেজেটের তারিখ থেকে জ্যেষ্ঠতাসহ নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন। গত ২৮ জানুয়ারি ৩৪ ও ৩৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগ না পাওয়া আরো ২৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।