মঠবাড়িয়ায় বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যা করল মেয়ে!

পিরোজপুরের মঠবাড়িয়ায় ফিরোজা নাসরিন (৫৬) নামে এক বিধবা বৃদ্ধা মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে পাষণ্ড মেয়ে। বুধবার সকালে শহরের কলেজপাড়া মহল্লার নিজ বাসায় ঐ বৃদ্ধা মা তার নিজ মেয়ে তামান্না জেবীন (৩০) এর হাতে এ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। স্থানীয়রা জানান, হত্যাকারী তামান্না বিয়ে বিচ্ছেদের পর মায়ের আশ্রয়ে ছিল এবং সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। পুলিশ বাসা থেকে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে তামান্না জেবীনকে আটক করেছে পুলিশ ।

নিহত বৃদ্ধা শহরের কলেজ পাড়ার সাবেক অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক মৃত হেমায়েত উদ্দিন হাওলাদারের স্ত্রী ।

বৃদ্ধার ছেলে রিয়াজ উদ্দিন জানান, তিনি বোনের জন্য ওষুধ কিনে পৌনে ১১টার দিকে বাসায় এসে দরজা খোলার জন্য মাকে ডাকেন। কিন্তু কারও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। ঘরে ডুকে তিনি বোনকে বিছানায় নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখেন আর রান্না ঘরে বৃদ্ধা মায়ের রক্তাক্ত লাশ দেখতে পান।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ জ ম মাসুদুজ্জামান ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল হতে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। মাকে হত্যার অভিযোগে মেয়ে জেবীনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।