কসবা উপজেলার বায়েক ইউনিয়নে শেরেবাংলা উচ্চবিদ্যালয়ের মাঠে নতুনভাবে বসানো একটি গভীর নলকূপ দিয়ে গতকাল বুধবার দ্রুতগতিতে গ্যাস, বালু ও পানি বের হচ্ছে। স্থানীয়ভাবে দ্রুতগতির এ গ্যাস, পানি ও বালু বের হওয়া বন্ধ করা যাচ্ছে না। উপজেলা প্রশাসন এ কারণে স্কুলটির কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। ভবন ধসে পড়ার আশঙ্কায় আসবাব অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
জানা গেছে, বায়েক ইউনিয়নের সালদা গ্যাসক্ষেত্র থেকে দুই কিলোমিটার দূরে অষ্টজঙ্গল এলাকায় শেরেবাংলা উচ্চবিদ্যালয়। ওই বিদ্যালয়ের মাঠে সরকারিভাবে একটি গভীর নলকূপ বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। এ অবস্থায় নলকূপের পাইপ দিয়ে দ্রুতগতিতে গ্যাস বের হচ্ছে। এতে বালু, গ্যাস ও পানির সংমিশ্রণও রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন ও অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ লোকমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। গ্যাস, বালু আর পানিতে পুরো স্কুলমাঠ ভরে গেছে। বিদ্যালয়ের চার দিকে লাল পতাকা দিয়ে সতর্কতা চিহ্ন দেওয়া হয়েছে। বিদ্যালয়ের কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়ের চারপাশে পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন রয়েছে। বায়েক ইউপি চেয়ারম্যান মো. আল-মামুন ভূঁইয়া বলেন, ভবনের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি পেট্রোবাংলার চেয়ারম্যান, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, আইনমন্ত্রী আনিসুল হক এবং জেলা প্রশাসককে জানানো হয়েছে।