চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষার্থীদের পাঠদান করে না, তাদের চিন্তার প্রসারতা বাড়ায়। গবেষণার মাধ্যমে সৃষ্টি করে নতুন জ্ঞানের যা যুগের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। একবিংশ শতাব্দী তথ্যপ্রযুক্তির যুগ। চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষার বিকল্প নেই। আমি মনে করি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চতুর্থ শিল্পবিল্পবের গুরুত্ব উপলব্ধি করে কারিকুলাম যুগোপযোগী করে সাজাবে। আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলবে বিশ্ব নাগরিক হিসেবে। গতকাল বুধবার বিকালে      পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাবর্তন বক্তা ইমেরিটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী ও বিশেষ অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ।

রাষ্ট্রপতি তার ভাষণে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জ্ঞানের এ বিশাল রাজ্যে শুধু পাঠ্যপুস্তক অধ্যয়নে সীমাবদ্ধ থাকলেই চলবে না। পাঠ্যবিষয়ের সঙ্গে সঙ্গে বহির্জগতের জ্ঞানভান্ডার হতে জ্ঞান আহরণ করতে হবে। তিনি বলেন, শিক্ষাজীবন শেষে তোমরা আজ কর্ম জীবনের পথে পা বাড়াচ্ছ। মনে রাখবে, কর্মজীবন নানা ঘাতপ্রতিঘাতে বিক্ষুব্ধ তরঙ্গের ন্যায়।

সমাবর্তনে রাষ্ট্রপতি স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিসহ ৩ হাজার ৭০৬ জনকে ডিগ্রি প্রদান করেন। এর মধ্যে শিক্ষাজীবনে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ৬৩ জনকে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন রাষ্ট্রপতি।