দিরাই উপজেলার রায়বাঙ্গালী গ্রামে ফের বন্দুকযুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ ১২ জনসহ ২৫ আহত হয়েছেন। গতকাল বুধবার গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য মনু মিয়া ও জাহির আলীর লোকজনের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। গুলিবিদ্ধরা হলেন জমিল মিয়া, আয়াজ উল্লা, আলাল মিয়া, রিপন মিয়া, ললিছ মিয়া, মাসুক মিয়া, শামীম মিয়া, এলিনা বেগম, ইশবাল, আব্দুল বারিক, মকসুদ মিয়া, রুবেল মিয়া। এদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ছুরত মিয়া ও সাইফুল মিয়া নামে দুই জনকে আটক করেছে। জানা যায়, গ্রামের ইউপি সদস্য মনু মিয়া ও জাহির আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইউপি সদস্য মনু মিয়া বলেন, (বুধবার) বাড়ি থেকে বের হলে জাহির আলীর লোকজন আমার ওপর হামলা চালায়। খবর পেয়ে আমার লোকজন আমাকে উদ্ধার করতে এলে তারা গুলি চালায়। এতে আমার পক্ষের আট জন গুলিবিদ্ধ হয়। জাহির আলীর পক্ষের বুরহান মিয়া জানান, মনু মিয়ার লোকজনের হামলায় তাদের পক্ষের চার জনকে গুলিবিদ্ধ হন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে কর্তব্যরত ডাক্তার নাজিয়া বেগম বলেন, সন্ধ্যার দিকে রায়বাঙ্গালী গ্রাম থেকে আহত ৯ জন আসেন। তাদের মধ্যে আট জনই গুলিবিদ্ধ। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম জানান, গ্রামে আধিপত্যা বিস্তারকে কেন্দ্র করে এ দুটি পক্ষের বিরোধ ধীর্ঘদিনের। তাদের মধ্যে অনেক মামলা মোকদ্দমা রয়েছে।