গোদাগাড়ীতে একই স্কুলের পঞ্চম শ্রেণির দুই ছাত্রসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
গোদাগাড়ী (রাজশাহী) : গোদাগাড়ীতে মাইক্রোবাসের চাপায় রাতাহারি ব্র্যাক স্কুলের বাইসাইকেল আরোহী পঞ্চম শ্রেণির দুই ছাত্র নিহত হয়েছে। গতকাল গোদাগাড়ী-আমনূরা সড়কে উপজেলার সাধুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার রাতাহারি গ্রামের হামিদুর রহমানের ছেলে সোহাগ আলী (১২) ও একই গ্রামের আলমগীর হোসেন ছেলে সুমন আলী (১১)।
টাঙ্গাইল : টাঙ্গাইলে কলেজ মোড় এলাকায় গতকাল বাসচাপায় আরমান রায়হান (২৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইল পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নারান্দি গ্রামের অধিবাসী।
মহেশপুর (ঝিনাইদহ) : মহেশপুরে মেসার্স মাসুম ইটভাটার গাড়ির চাপায় সবুজ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার জিন্নাহনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার মুণ্ডুমালা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
কাহারোল (দিনাজপুর) : কাহারোলে গতকাল (ঠাকুরগাঁও-দিনাজপুর) মহাসড়কে ভাতগাঁও ব্রিজের পশ্চিম পাশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক মো. ফারুক হোসেন (৪৫) নিহত হয়েছেন।
বাসাইল (টাঙ্গাইল) : বাসাইলে ট্রাকের ধাক্কায় আবদুল লতিফ লাল মিয়া মাস্টার (৫৪) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার হাবলা ইউপির করাতিপাড়া পশ্চিমপাড়ার এবং লৌহজংগ উচ্চবিদ্যালয়ের আবসরপ্রাপ্ত শিক্ষক।
পঞ্চগড় : পঞ্চগড়-চাকলাহাট সড়কের টুনিরহাট শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সামনে গতকাল ট্রলির চাপায় মোকলেছ ওরফে বাচ্চু (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের বকসিপাড়া গ্রামের।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : গোমস্তাপুরে ট্রাকচাপায় জাহানারা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কের সোনাবর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি রাধানগর ইউনিয়নের দুবইল গ্রামের বাদলের স্ত্রী।