ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিকে আগুন

রাজধানীর ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আগুন লাগার পর এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর শহিদুল আলম জানান, গতকাল বুধবার রাত ৮টার দিকে পপুলারের ডায়াগনস্টিক সেন্টার ভবনের দোতলায় আগুন লাগার খবর পান তারা। তিনি বলেন, ‘আমাদের চারটি ইউনিট সেখানে গিয়ে রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রচুর ধোঁয়া সৃষ্টি হওয়ায় কিছুটা সমস্যা হয়েছিল। তবে হতাহতের কোনো খবর আমরা পাইনি।’ 

যে সময়ে আগুন লেগেছে সে সময়টায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষা করাতে আসা রোগীর বেশ ভিড় থাকে। ওই ভবনের লাগোয়া দুটি ভবনে সন্ধ্যা থেকে ডাক্তার দেখাতে আসা রোগী ও স্বজনদেরও চাপ থাকে। হঠাত্ ধোঁয়া ছড়াতে শুরু করায় সে সময় অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মহাব্যবস্থাপক মোসাদ্দেক হোসেন বলেন, দোতালায় এমআরআই মেশিন কক্ষে আগুনের সূত্রপাত হয়। তবে কেউ হতাহত হয়নি।

এদিকে আগুনের খবর সংগ্রহে গিয়ে পপুলারের কর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন সাংবাদিকরা। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন, ‘যমুনা টেলিভিশনের সাংবাদিক রিয়াজকে কর্তৃপক্ষ ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কিল-ঘুষি মেরেছে।’ এছাড়া বাংলা ট্রিবিউনের ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেনসহ আরো কয়েকজন ফটোসাংবাদিকের ওপরও চড়াও হয় কর্তৃপক্ষ। এ বিষয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি।