বিদেশে অর্থ পাচারকারীদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ব্যাপারে দুদক চেয়ারম্যান বলেছেন, বিদেশে অবস্থানকারী পাচারকারীদের দ্রুত ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এ ব্যাপারে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার সকালে কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঐ সভায় দুদক চেয়ারম্যান আরো বলেন, যে বা যারা অবৈধভাবে ব্যাংকের বা সরকারি অর্থ আত্মসাত্ করে, তা পাচার করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন, প্রত্যেককেই তাদের অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, ইন্টারপোলসহ আন্তর্জাতিক সব আইনি টুলস-টেকনিক প্রয়োগ করে অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে এবং দেশের সম্পদ ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখা হবে।
দুদক সূত্র জানায়, অবৈধভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের টাকা কিংবা সরকারি অর্থ আত্মসাত্ করে যে সব ব্যক্তি অস্ট্রেলিয়া, কানাডাসহ পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করে ঐ সব দেশে অবস্থান করছেন তাদের তালিকা করেছে দুদক। ইতিমধ্যেই মানিলন্ডারিং আইনে তাদের অধিকাংশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। ইন্টারপোলসহ আন্তর্জাতিক সব আইনি টুলস-টেকনিক দুদক প্রয়োগ করতে পারলে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনাসহ আসামিদের গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সহজ হবে।