খরা কাটানোর আশায় বাংলাদেশ

সর্বশেষ পাঁচ টেস্টের সবকটিতেই হার। বলা বাহুল্য যার মধ্যে চারটিই ইনিংস ব্যবধানে এবং দেশের বাইরে। দেশের মাটিতে একটি টেস্ট ছিল, যেখানে সঙ্গী হয়েছে নবাগত আফগানিস্তানের কাছে হারের লজ্জা। সাদা পোশাকে গত বছরটা খুবই বাজে কেটেছিল বাংলাদেশের। অবশ্য এই ফরম্যাটে নিজেদের শুরুর লগ্ন থেকেই বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের রেকর্ড সুখকর নয়।

এমন তিক্ত নিকট অতীত নিয়েই আজ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। প্রস্তুতির ঘাটতি রয়েছে এবং দলটাও পূর্ণ শক্তির নয়। সবমিলিয়ে অনেক প্রতিকূলতা নিয়েই পাকিস্তান মিশন শুরু করছে মুমিনুল হকের দল। এসবের মাঝেই সাদা পোশাকে পরাজয়ের বৃত্ত ভাঙতে চান বাংলাদেশের অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষেই জয়ের খরা কাটানোর টার্গেট করছেন তিনি।

১৬ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। দ্বিতীয় টেস্টটি আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে। 

রাওয়ালপিন্ডিতে গতকাল একদিনের অনুশীলনকে পুঁজি করেই টেস্ট খেলতে নামবে মুমিনুল বাহিনী। হারের বৃত্ত ভাঙা সম্পর্কে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল মুমিনুল বলেছেন, ‘দেখুন এক সময় না এক সময় তো বৃত্তটা ভাঙতেই হবে। ইনশাল্লাহ এই বৃত্তটা ভাঙতে সবাই প্রস্তুত। খুব ভালো প্রস্তুতি নিয়েছে। ঐ হিসেবে চিন্তা করলে আমরা আশাবাদী ম্যাচটি নিয়ে।’

নতুন বছরে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট। বিদেশের মাটিতে বাজে পারফরম্যান্সের ধারা বদলাতে চেষ্টা করবে বাংলাদেশ। মুমিনুল বলেছেন, ‘দেশের বাইরে আমাদের ভালো পারফর্ম হয়নি। চেষ্টা করছি এই জিনিসটি এখান থেকে শুরু করার জন্য। সব মিলিয়ে আমরা ভালো ফোকাসে আছি। আশা করছি আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’

গত ৪ ফেব্রুয়ারি সকালে রাওয়ালপিন্ডিতে পৌঁছেছে বাংলাদেশ দল। সে দিন বিশ্রাম নিয়ে গতকাল অনুশীলন করে গোটা দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগটা সেভাবে পাননি ক্রিকেটাররা। অধিনায়কের চাওয়া, দ্রুত কন্ডিশনে মানিয়ে নেওয়া। মুমিনুল বলেছেন, ‘যে দেশেই যাবেন আপনাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় কন্ডিশনটা অনেক ভালো আছে। একটু ঠান্ডা আছে। ঐ হিসেবে চিন্তা করলে আমরা ভালো মানিয়ে নিতে পারবা।’

মুশফিক না থাকলেও ১১ মাস পর বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে নামছেন তামিম ইকবাল। সম্প্রতি বিসিএলের প্রথম রাউন্ডে ট্রিপল সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি ওপেনার। তামিমের কাছে ভালো কিছু আশা করছেন অধিনায়ক।

গতকাল মুমিনুল বলেছেন, ‘তামিম ভাই বিশ্বমানের প্লেয়ার। মনে হয় না উনার জন্য খুব বেশি সমস্যা হবে। বিসিএলে উনি অনেক ভালো একটি ইনিংস খেলেছে।’

মিডল অর্ডারে মুশফিকের অভাবটা অনুভব করবে বাংলাদেশ দল। অবশ্য মুমিনুল মনে করেন, এটি তরুণদের জন্য ভালো সুযোগ। তিনি বলেছেন, ‘মুশফিক ভাই নেই, তাকে আমরা মিস করব। আমার মনে হয় জুনিয়র প্লেয়ারদের জন্য এটা বড়ো সুযোগ।’

সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে মুখ খুলেননি মুমিনুল। তবে আজ বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হতে পারে ওপেনার সাইফ হাসানের।