দিনদুইয়েক আগের সাক্ষাত্কারটা বার্সেলোনায় ভিত নাড়িয়েই দিয়েছিল ক্রীড়া ব্যবস্থাপক এরিক আবিদালের। এরপর লিওনেল মেসির রোষে পড়ার পর ধারণা করা হচ্ছিল পদ থেকে হয়তো অব্যাহতি নিতেই হচ্ছে তার; কিন্তু ক্লাবকে এ দুর্দিনে পাশেই পাচ্ছেন আবিদাল। খুব শিগিগরই চাকরিও হারাচ্ছেন না তিনি।
সাম্প্রতিক সময়ে স্পোর্তকে দেওয়া এক সাক্ষাত্কারে আবিদাল জানান, দলের কিছু খেলোয়াড়দের অসন্তুষ্টিই সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দে বরখাস্ত হওয়ার কারণ ছিল। আবিদাল বলেন, ‘অনেক খেলোয়াড়ই খুশি মনে পরিশ্রম করতে রাজি নয়। এমনকি তাদের মধ্যে যোগাযোগের ঘাটতিও ছিল। যদিও খেলোয়াড় আর কোচের মধ্যে ড্রেসিংরুমে সম্পর্কটা মন্দ ছিল না। তবে সেখানে কিছু একটা সমস্যা যে ছিল সেটা একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার কাছে পরিষ্কার ছিল। তাই আমি ক্লাবকে সেটা জানাই। নিজেরা চিন্তা করি, আর (ভালভার্দেকে বরখাস্তের) চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাই।’
জবাবে মেসি বলেন, ‘আমি মনে করি এই সিদ্ধান্ত যারা নিয়েছে, যাদের ওপর এই দায়ভার অর্পিত, তাদের সেটার ব্যাখ্যা দেওয়ার মতো সত্সাহস থাকা উচিত। মাঠে যা হয়েছে, তার জন্য অবশ্যই খেলোয়াড়রাই দায়ী। হ্যাঁ, প্রথমেই আমরা এটা স্বীকার করে নিচ্ছি যে, একটা বাজে সময় কাটাতে হচ্ছে আমাদের। তবে এর মানে এই নয় যে, স্পোর্টস বিভাগের শীর্ষ পদে থাকা কর্তারা যা সিদ্ধান্ত নিয়েছেন তার দায়-দায়িত্বও আমাদেরই নিতে হবে।’
তবে দুই পক্ষের এমন অবস্থানের পর আবিদালের পদত্যাগ কিংবা অব্যাহতি যেমন আঁচ করা হচ্ছিল তেমনটা হচ্ছে না মোটেও। বুধবার রাতে ক্লাবটির সভাপতি হোসে মারিয়া বার্তোমিউ জরুরি সভা শেষে জানান, ফরাসি এই ডিফেন্ডার আবিদাল দলের পদে বহাল থাকবেন। আর এ ব্যাপারে মেসির সায়ও আছে, জানান বার্সা সভাপতি।