পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপের সঙ্গে নেইমারের সম্পর্কটা দারুণ। ফরাসি তারকা সস্পর্কে এবার নেইমার জানালেন, বিশ্বসেরা তো বটেই, ইতিহাসেরই সেরা হবার সব গুণ আছে এমবাপের।
দুই মৌসুম আগে মোনাকোকে লিগ শিরোপা জিতিয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড। সে মৌসুমে দলটিকে নিয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও। ফরাসি লিগে তারকাখ্যাতি পাওয়া এই ফরোয়ার্ড পরে ফ্রান্সকে ২০ বছর পর বিশ্বকাপ জিতিয়ে রীতিমতো বিশ্বফুটবলেরই নতুন তারকা বনে যান। এরপর পিএসজির দুটো লিগ শিরোপা জয়েও রেখেছেন বড়ো অবদান। স্বভাবতই ফরাসি এই উইঙ্গার আছেন লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোদের উত্তরসূরি হবার পথে।
এবার সতীর্থ নেইমারের পক্ষ থেকেও পেলেন সমর্থন। নেইমার ফিফার ওয়েবসাইটে এক সাক্ষাত্কারে বলেছেন, ‘এমবাপে ফেনোমেনন। ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণের সব ধরনের যোগ্যতা তার মধ্যে রয়েছে।’
মাঠে আর মাঠের বাইরে এমবাপের সঙ্গে দারুণ বোঝাপড়ার ব্যাপারটিও উঠে এসেছে তার সাক্ষাত্কারটিতে। নেইমার বলেন, ‘তার মতো একজন সতীর্থকে দলে পাওয়া সত্যিই গর্বের। মাঠ এবং মাঠের বাইরে আমরা একে অপরকে দারুণভাবে বুঝতে পারি। আমি তাকে দারুণ পছন্দ করি।’