সাবেকদের নিয়ে ঢাকায় আসতে পারে বার্সা ও রিয়াল

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় আসতে পারে ইউরোপিয়ান ফুটবলের দুই জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। তবে মেসিদের দেখা যাবে না। এই দুই দলে যেসব ফুটবলার খেলেছেন, সেসব সাবেকদের দেখা যেতে পারে। এমন একটি আলোচনা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ে। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদকে ঢাকায় আনার চেষ্টা করছেন, আলোচনাও হয়েছে। তবে যেসব খেলোয়াড় এই দুই দলে খেলেছেন তাদের নিয়ে ঢাকায় প্রীতি ম্যাচ হতে পারে। আগামী এপ্রিলে ম্যাচ হতে পারে বাংলাদেশে।

মন্ত্রণালয় সূত্রের দাবি, ইউরোপিয়ান দুই দলকে ঢাকায় আনার ব্যাপারটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। একটি মাধ্যমের সঙ্গে তাদের আলোচনা চলছে। চূড়ান্ত হলে আরো ঘটা করে জানানো হবে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ক্রীড়া মন্ত্রণালয় আনতে চাইছে সেটা খুবই ভালো কথা। আমাদের সহযোগিতা প্রয়োজন হলে আমরা সব রকম সহযোগিতা করব। তিনি বলেন, ‘মুজিববর্ষের অনুষ্ঠান যতটা সুন্দর করা যায় আমরা সবাই মিলেই তা করার চেষ্টা করব।’