লালদীঘি মোড়ে গতিরোধক প্রয়োজন

বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মোড় অত্যন্ত ব্যস্ত একটি রাস্তা। লালদিঘি মোড়ের পূর্বপাশে কেন্দ্রীয় কারাগারে প্রবেশের রাস্তা। পশ্চিমপাশে জহুর হকার্স মার্কেট, সিনেমা প্লেস ও কোর্টহিলে প্রবেশের পথ। উত্তর দিকে লালদীঘি মসজিদ হয়ে আন্দরকিল্লা যাতায়াতের রাস্তা ও দক্ষিণ-পূর্ব দিকে পুলিশ হেডকোয়ার্টারসহ দক্ষিণে মুসলিম হাই স্কুলের পর কোতোয়ালী মোড় হয়ে বিভিন্ন এলাকা যাওয়া যায়। লালদীঘি মোড়ের চার পাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসাস্থল। ফলে প্রতিদিন ঐ মোড় দিয়ে শত শত গাড়ি চলাচল করে। কিন্তু চার পাশে পথচারী পারাপারের জন্য নেই নির্দিষ্ট ব্যবস্থা। নেই গতিরোধ চিহ্ন। যার ফলে দুর্ঘটনার শঙ্কা প্রতি মুহূর্তে। শুধু লালদিঘি মোড়ই নয়, শহরের বড়ো বড়ো রাস্তা ও অলিগলিতে দুর্ঘটনার প্রধান কারণ গতিরোধক এবং পথচারীদের রাস্তা পারাপারের নির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকা। এ অবস্থায়, ব্যস্ত রাস্তাসমূহে দ্রুত গতিরোধক নির্মাণ ও পথচারীদের যাতায়াতের নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া জরুরি। বিষয়টির প্রতি সিটি করপোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জুবায়ের আহমেদ

বাকলিয়া, চট্টগ্রাম