ফুলবাড়ীর শিমুলবাড়ী ইউনিয়নে বারোমাসিয়া নদীর ওপর ১৩৫ মিটার সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে পড়েছেন হাজারও মানুষ। সরেজমিনে দেখা গেছে, পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার কুলাহাট ইউনিয়নের বিলুপ্ত বাঁশপেচাই ছিটমহলবাসীর ভাগ্য উন্নয়নের সরকারি বাজেটে এই সেতু নির্মাণ করে লালমনিরহাট জেলা এলজিইডি। দুই পাশে স্থানীয়দের কাছ থেকে জমি না কেনায় গত ছয় থেকে সাত মাস আগেই নির্মাণ কাজ শেষ হলেও সেতুর পশ্চিম পাশে ৩০০ গজ ও সেতুর পূর্বপাশে ২৫০ গজ সংযোগ সড়ক না থাকায় চর বোয়ালমারী, ছিটমহল বাঁশপেচাই, চরখারুয়া আনন্দবার, জোতিন্দ্র নারায়ণ, তালুক শিমুলবাড়ীসহ ফুলবাড়ী উপজেলা ও লালমনিরহাট সদর উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। ইজারাদাররা বর্ষা মৌসুমে নৌকা ও খরা মৌসুমে বাঁশের সাঁকোর ব্যবস্থা করেছেন।
স্থানীয় বাবুল শেখ, মমিনুল ইসলাম, রাজ্জাক মিয়া, আইনুল ইসলাম ও রহিমা বেগম জানান, যুগের পর যুগ এই দুর্ভোগ সহ্য করে ছেলেমেয়েদের নিয়ে নদী পারাপার হচ্ছি। দুর্ভোগ থেকে মুক্তি পেতে সরকার একটা সেতু উপহার দিয়েছে। কিন্তু সেতু নির্মাণের ছয় থেকে সাত মাস পার হলেও পারাপার হতে পারছি না। এখনো কষ্ট করে ভাঙা বাঁশের সাঁকো দিয়েই পারাপার হতে হচ্ছে। লালমনিরহাট জেলার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ আলী খান জানান, সেতুর কাজ শেষ করা হয়েছে। দুই পাশে সংযোগ সড়কের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি আগামী দুই এক মাসের মধ্যে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যেতে পারে।