ধোবাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জনবল সংকটে চালু হয়নি ৫০ শয্যার কার্যক্রম

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সমস্যা বিরাজ করছে। ফলে সাধারণ রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান শাহিন বলেন, আমি নতুন এসে জানতে পারি, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে স্টোরকিপার একজন, প্যাথলজি সহকারী একজন, পরিচ্ছন্নতা কর্মী পাঁচ জন, ফার্মাসিস্ট দুই জন, ওয়ার্ড বয় দুই জন, অফিস সহকারী তিন জন, আয়া একজন ও বাগান পরিচ্ছন্নতা কর্মীসহ অনেক পদ শূন্য। তিনি আরো বলেন, লোকবলের অভাবে ৫০ শয্যার কার্যক্রম চালু করা যাচ্ছে না। দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করব। ল্যাবের দায়িত্বে থাকা তানভির আহম্মেদ বলেন, পরীক্ষার জন্য কেউ আসে না, আসলে তিনি পরীক্ষা করে দেন। এছাড়া এক্সরে মেশিনটি দীর্ঘদিন যাবত্ বিকল থাকলেও মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। টেকনিশিয়ান মো. নাছির উদ্দিন বলেন, দুই বছর যাবত্ এক্সরে মেশিন নষ্ট আছে।