বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা যমুনা নদীর বুকে নৌকা চলে সারা বছর। তবে মেরামতের কাজটা হয় শুধু শীত মৌসুমে, যখন নদী শুকিয়ে চর জেগে ওঠে। তখনই সেখানে দেখা মেলে নৌকা তৈরির কারিগরদের। তাদের কাছে এখনই উত্তম সময়। কারণ, প্রকৃতিতে এখন নেই ঝড়-বৃষ্টি। তাই প্রতি বছর এই সময় নৌকা তৈরি কিংবা মেরামত কাজের জন্য বেছে নেয় যমুনা পাড়ের মাঝি-মাল্লারা। নৌকা তৈরির কারিগর (মিস্ত্রি) আব্দুল মালেক বলেন, একটি নতুন নৌকা তৈরি করতে প্রায় সোয়া লাখ টাকা খরচ হয়। তবে এ বছর নতুন নৌকা তৈরির চেয়ে পুরাতন নৌকা মেরামতের কাজই বেশি। নৌকার মাঝি বেলায়েত আলী বলেন, নৌকা মেরামতের কাজের কারিগরদের দৈনিক ৬০০ টাকা করে মজুরি দিতে হয়।