বগুড়ায় চার মাস ধরে সম্প্রসারিত টিকাদানের (ইপিআই) কার্ড সংকট দেখা দিয়েছে। কার্ড না থাকায় শিশুদের টিকা দেওয়ার পর সাদা কাগজে টিকাদানের তারিখ ও পরবর্তী টিকার তারিখ লিখে দেওয়া হচ্ছে। এতে ঐ সাদা কাগজটি সংরক্ষণে বিড়ম্বনায় পড়ছেন অভিভাবকরা। বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলায় প্রতি বছর ৭৫ থেকে ৮০ হাজার শিশুকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় (ইপিআই) ১০ প্রকারের টিকা প্রদান করা হয়ে থাকে। শিশুকে টিকা প্রদানের পর তারিখ লিপিবদ্ধ ও পরবর্তী টিকাদানের তারিখ ঐ কার্ডে উল্লেখ করা হয়ে থাকে। জেলার ১২টি উপজেলা ও পৌরসভায় টিকাদানের জন্য বছরে ৭৩ হাজার থেকে ৮০ হাজার টিকাদান কার্ড প্রয়োজন। গত বছর জেলায় ৭৬ হাজার কার্ড দেওয়া হয়েছে। টিকাদান কার্ড সরবরাহ না থাকায় টিকাদান কেন্দ্রগুলোতে টিকাদানের পর একটি সাদা কাগজে সিল দিয়ে শিশুর নামসহ বিভিন্ন তথ্য লিখে দেওয়া হচ্ছে। ফলে শিশুদের বাবা-মা বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের অনেকেই সেই কাগজটি হারিয়ে ফেলছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান গত চার মাস ধরে টিকাদানের কার্ড সরবরাহ না থাকার বিষয়টি স্বীকার করে বলেন, কার্ড শেষ হয়ে যাবার পর থেকেই আমরা ঢাকায় যোগাযোগ করে যাচ্ছি। তবে খুব শিগিগর কার্ড সরবরাহ পাওয়া যাবে বলে তিনি জানান।