বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের প্রতিটি প্রেসক্লাবে একটি বঙ্গবন্ধু কর্নার থাকবে। সেখানে বঙ্গবন্ধুকে জানা ও চেনার জন্য বঙ্গবন্ধু সম্পর্কিত প্রয়োজনীয় বই রাখা হবে। আর এরজন্য প্রেস কাউন্সিলের পক্ষ থেকে প্রতিটি প্রেসক্লাবকে ১ লাখ করে টাকা অনুদান প্রদান করা হবে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সাংবাদিকতার নীতিমালা, অনুসন্ধানী সাংবাদিকতার লক্ষণীয় বিষয়সমূহ ও তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সাংবাদিকরা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা নিজের জন্য কোনো কাজ করেন না। তারা জাতির জন্য, মানবতার জন্য কাজ করেন। তাই সাংবাদিকদের সম্মান অন্যরকম। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, খুব শিগিগরই অনলাইন সাংবাদিকেদের তালিকা তৈরি করা হবে এবং পর্যায়ক্রমে সব মিডিয়ার সাংবাদিকদের তালিকা করে প্রশিক্ষণের আওতায় আনা হবে।
জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেজওয়ান আহম্মেদ তৌফিক এমপি।