আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্ণ হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সেই কর্মসূচির অধীনে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে গতকাল পর্যন্ত অনুমতি পায়নি বিএনপি। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে দেখা করে এর আগে পাঠানো চিঠির সর্বশেষ পরিস্থিতি জানতে চান। জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বিএনপির প্রতিনিধিদলকে বলেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অনুমতির বিষয়টি বিএনপিকে যথা সময়ে জানিয়ে দেওয়া হবে। খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্তি উপলক্ষ্যে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তারই অংশ হিসেবে ৭ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি চেয়ে মসজিদে মসজিদে দোয়া করা হবে। ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ, পাশাপাশি সারা দেশে জেলা সদরে জনসভা করবে দলটি।