বিএনপির হামলার ভয়ে ভোটার উপস্থিতি কম ছিল :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ইভিএমে কেউ কারো ভোট দিতে পারে না। ইভিএম নিজেই প্রার্থীদের পোলিং এজেন্টের কাজ করে। আঙুলের ছাপ নিয়ে সমস্যার কারণে খোদ প্রধান নির্বাচন কমিশনারও ভোট দিতে বিড়ম্বনায় পড়েন। অথচ বিএনপি ইভিএম সম্পর্কে ভোটারদের মাঝে ভীতি তৈরি করেছিল। এ নির্বাচন তাদের আন্দোলনের অংশ বলেও ঘোষণা করে। আন্দোলনের নামে বিএনপির হামলা ও সন্ত্রাসের আশঙ্কায় ঢাকা সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল। বৃহস্পতিবার স্থানীয় শিল্পকলা একাডেমিতে রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা ও যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাবলুর পরিচালনায় সভায় দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জনসংখ্যা ও স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য নূরুল ইসলাম ঠাণ্ডু, আকতার জাহান, অধ্যাপক মেরিনা জাহান, এনামুল হক এমপি, ডা. মনসুর রহমান এমপি, আয়েন উদ্দিন এমপি ও আদিবা আনজুম মিতা এমপি প্রমুখ বক্তব্য রাখেন।