কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপি ও এলডিপির ৮৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ।
শনিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ২টি ককটেল বিষ্ফোরণের ঘটনার পর ঘটনাস্থল থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
পরে রাত সাড়ে ১২টায় উপজেলা তাঁতী লীগ আহবায়ক এবং মাধাইয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল হালিম বাদী হয়ে বিএনপি ও এলডিপির ৬৩জনের নাম উল্লেখ করে এবং ২০জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে।
মামলার বাদী আব্দুল হালিম জানান, 'শনিবার রাত সাড়ে ৭টায় তাদের নির্বাচনী কার্যালয়ে সভা চলাকালে ৩টি মাইক্রোবাসযোগে দুর্বৃত্তরা এসে ধানের শীষের মিছিল দিয়ে ২টি ককটেল বিস্ফোরণ করে। এতে সভাস্থলে উপস্থিত আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী আহত হয়।
আহত হলেন, নাওতলা গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে উপজেলা তাঁতীলীগ নেতা মোঃ আবদুল কাদের (৩৫), যুবলীগ নেতা ওযায়ের আহমদ (২২), ইব্রাহীম খলিল (১৮), রুহুল আমিন (৪০), মোসলেম (৬০)। আহতদের চান্দিনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি জামায়াতের নেতাকর্মীসহ ৪৫ জন গ্রেফতার
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল ফয়সল জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিস্ফোরিত দুটি ককটেলের আলামত এবং অবিস্ফোরিত ৯টি ককটেল উদ্ধার করি। পরে ওই ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে আব্দুল হালিম মেম্বার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় তদন্ত চলছে।'
ইত্তেফাক/নূহু