ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিল্কিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে। রবিবার বাদ জোহর আঞ্জুমানে ঈদগা মাঠে রাষ্ট্রীয় শ্রদ্ধা প্রদর্শনের পর জানাজা শেষে ময়মনসিংহ গুলকিবাড়ি পৌর গোরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়।
উক্ত জানাজায় সাবেক ধর্মবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, শরিফ আহমেদ এমপি, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহেতাশামুল আলম, সাধারণ সম্পাদক মহিত উর রহমান শান্তসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
তাকে দেখতে যান বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এমপি।
আরও পড়ুনঃ চান্দিনায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ
উল্লেখ্য, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিল্কি ইন্তেকাল করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ইত্তেফাক/নূহু