২০১৯ সালে না’গঞ্জে দারিদ্র্যের হার শূন্যের কোটায় নেমে আসবে --- সেলিম ওসমান

বর্তমানে সরকারি হিসাবে নারায়ণগঞ্জে দারিদ্র্যের হার ২ দশমিক ৬ শতাংশ উল্লেখ করে ২০১৯ সালের মধ্যে এ জেলায় দারিদ্র্যের হার শূন্যের কোটায় নেমে আসবে বলে মন্তব্য করেছেন নিট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

গতকাল সোমবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটে আমন্ত্রণ কমিউনিটি সেন্টারে কর অঞ্চল নারায়ণগঞ্জের উদ্যোগে ২০১৭-২০১৮ করবর্ষের করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ বছর নারী করদাতাদের মধ্যে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ করদাতার সম্মাননা অর্জন করেছেন এমপি সেলিম ওসমানের সহধর্মিণী নাসরিন ওসমান। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ নারী করদাতার সম্মাননা অর্জন করলেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ-এর দ্বিতীয় সহ-সভাপতি ফজলে এহসান শামীম, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, মোল্লা সল্ট ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী মোল্লা মোহাম্মদ মোসলে উদ্দিন, সহকারী কর কমিশনার আব্দুর সবুর খান প্রমুখ।