পেশিশক্তি নয়, জনগণের ভালবাসায় বিজয়ী হবো: নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশিশক্তিতে নয় বরং জনগণের ভালবাসায় বিজয়ী হবো ইনশাল্লাহ। জনগণ যেন ভোট কেন্দ্রে গিয়ে তাদের মনোনীত প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতে হবে।

রবিবার সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের সাংসদ নিক্সন চৌধুরীর বাসভবনের গোলঘরে আগামী ২৫ ও ২৬ তারিখের জনসভার প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে উন্নয়ন করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে ঠিক তেমনি আমি বঙ্গবন্ধুর দৌহিত্র হিসাবেও ফরিদপুর-৪ আসনেক সত্যিকার উন্নয়ন দিয়ে জনগণের মন জয় করতে সক্ষম হয়েছি। তিন থানার লাখো জনতা যখন আমার সাথে বিজয়ের মালা পড়ার অপেক্ষায় আছেন তখন কাজী জাফরউল্লাহ ও তার কিছু সমর্থক নির্বাচনী পরিবেশকে নষ্ট করার পায়তারা করছে। তিনি জনবিছিন্ন একজন নেতা, এখন ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তিনি।

আরো পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-১: লড়াই হবে নৌকা ও ধানের শীষে, বাকিরা মাঠে নেই

নিক্সন বলেন, গত ৫ বছর আমি সত্যিকার উন্নয়ন ও মূল্যায়ন জনগণকে উপহার দিয়েছি। জনগণ আগামী ৩০ তারিখে সিংহ মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে সকল অপশক্তিতে চিরতরে দূর করবে।

এ সময় উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা বাজার বণিক সমিতির সম্পাদক আবু জাফর মুন্সি, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেপ মাতুব্বর, হামেরদী ইউপি চেয়ারম্যান শামচুল আলম রাসেল, আলগী ইউপি চেয়ারম্যান কাওছার ভূঁইয়া, সাবেক উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, ১০৫৫ মোটর শ্রমিক ইউনিয়নের ভাঙ্গা অঞ্চলের সভাপতি আবুল কালাম মাতুব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি, শরীফাবাদ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মতিয়ার রহামান, সাবেক কেএম কলেজের জিএস লাবলু মুন্সি, আওয়ামী লীগ নেতা অ্যাপোলো নওরোজ, হায়াত মোল্লা প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ