চূড়ান্ত দিলারা জামান-তৌকীর আহমেদ-ফজলুর রহমান বাবু

আরো চমক আসছে!

বিনোদন রিপোর্ট

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে বায়োপিক নির্মাণের কাজ গুছিয়ে এনেছেন ভারতের বরেণ্য চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। বলিউডের ৮৫ বছরের এই প্রবীণ পরিচালক গত বুধবার ঢাকায় এসেছেন। কে কোন চরিত্রে অভিনয় করবেন, তা বাছাই করতে ব্যস্ত শ্যাম বেনেগাল। জানা গেছে, এরইমধ্যে বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী দিলারা জামান, তৌকীর আহমেদ, ফজলুর রহমান বাবুসহ বেশ কয়েকজন।

শ্যাম বেনেগাল বলেন, ‘বঙ্গবন্ধুর মতো এত বড়মাপের একজন জাতীয় নেতাকে নিয়ে কাজ করছি, বুঝতেই তো পারছেন কেমন ব্যস্ততা যাচ্ছে। শুটিং আগামী মাসের মাঝামাঝিতে শুরু হলেও এখনো অনেক কাজ বাকি। প্রতিটি সেকেন্ডই মূল্যবান। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এ সিনেমায় বাংলাদেশের মেধাবীদের যুক্ত করছি। কয়েকদিনের মধ্যে পুরো তালিকা জানতে পারবেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা শেখ সায়েরা খাতুনের চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছেন দিলারা জামান, তৌকীর আহমেদ অভিনয় করবেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে এবং ফজলুর রহমান বাবুকে দেখা যাবে খন্দকার মোস্তাকের চরিত্রে। শুক্রবার সকাল ৯টায় এফডিসিতে সোহরাওয়ার্দী চরিত্রের জন্য পোশাকের মাপ দেন তৌকীর। এর আগে গত জানুয়ারিতে অডিশনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছেন তিনি। বঙ্গবন্ধুর বায়োপিকে তারই রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয়ের সুযোগকে ক্যারিয়ারে বিশেষ সংযোজন বলে মনে করছেন তৌকীর আহমেদ। তিনি বলেন, ‘এত বড় একটি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারছি, এটা আমার অনেক বড় একটা প্রাপ্তি।’

দিলারা জামান বলেন, ‘এর আগে জানুয়ারিতে অডিশন দিয়েছিলাম। আমি শেখ সায়েরা খাতুনের চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছি। এমন একটি সিনেমায় কাজ করতে পারবো ভেবে বেশ ভালো লাগছে।’

ফজলুর রহমান বাবু বলেন, ‘ইতিহাসের সঙ্গে থাকতে পারাটা অনেক বড় পাওয়া। চরিত্রটি নিয়ে এখন বিস্তারিত বলতে পারছি না।’

বঙ্গবন্ধুর চরিত্রসহ ছবির অধিকাংশ চরিত্রের জন্য বাংলাদেশ থেকে শিল্পী নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন শ্যাম বেনেগাল। তবে কিছু চরিত্র বলিউড ও টালিউড থেকেও নেওয়া হবে। সেক্ষেত্রে সে সব অভিনেতা-অভিনেত্রীদের বাংলা ভাষায় দখল থাকার বিষয়টি বিবেচনা করা হবে। কারণ প্রথমদিকে ছবিতে ইংরেজিতে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে এটি বাংলা ভাষায় নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলা ভাষায় নির্মিতব্য চলচ্চিত্রটির হিন্দি সাব-টাইটেল থাকবে।

জানা গেছে, বঙ্গবন্ধুর বায়োপিকের সময়কাল হবে গত শতকের চল্লিশের দশক থেকে পঁচাত্তরের ১৫ আগস্ট পর্যন্ত। বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বায়োপিকে মেলে ধরা হবে তার তারুণ্য থেকে সংগ্রামী জীবনের অধ্যায়। সেলুলয়েডে উঠে আসবে বাংলাদেশের অভ্যুদয় থেকে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নির্মম ট্র্যাজেডি। মূলত এই দুই ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমার কাহিনি। সময়ের বিবেচনায় গত শতকের চল্লিশের দশক থেকে পঁচাত্তরের ১৫ আগস্ট। তারুণ্য থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং পরবর্তী সময়ের মুজিবের দেখা মিলবে ছবিতে।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ১৭ মার্চ থেকে ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটিতে বাংলাদেশের বাইরে বলিউড ও কলকাতার শিল্পীদের দেখা যাবে।