তালায় ধানের শীষের কর্মীদের বাড়িঘর ও দোকানে হামলার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের পরানপুর গ্রামে যুবলীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে ধানের শীষ প্রার্থীর কর্মী-সমর্থকদের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন অন্ততঃ ৪ জন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব এ অভিযোগ করে বলেন, 'এই আসনের মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ এই হামলার জন্য দায়ী। আমার উপস্থিতিতে আজ রবিবার সকালে আমার কর্মী-সমর্থকদের ওপর এই হামলার ঘটনা ঘটে।'

তিনি আরো জানান, 'বিষয়টি মৌখিকভাবে পুলিশ সুপারকে জানানো হয়েছে।'

তবে তালা থানার ওসি এ অভিযোগ অস্বীকার করে বলেন, 'এটা সত্য নয়।'

এলাকাবাসী জানান, শনিবার স্থানীয় যুবলীগ কর্মী খায়রুল ও তার সহযোগীরা ধানের শীষ সমর্থক বিএনপির দুই কর্মীকে মারপিট করে। এরপরই গ্রামবাসী যুবলীগের বাবু নামের এক কর্মীকে আটকে রেখে মারধর করে।

এ ঘটনার জেরে আজ রবিবার ওই এলাকায় যুবলীগ নেতা খায়রুল ও তার সহযোগীরা দলবদ্ধ হয়ে ধানের শীষ কর্মী-সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা করে ভাংচুর করে। তারা তাদের কয়েকটি দোকানও ভাংচুর করে। 

যাদের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে তারা হলেন, ওসমান গনি বিশ্বাস, ইউনুস বিশ্বাস, মোকলেছুর বিশ্বাস, মাসুম বিশ্বাস, আল আমিন ও আনিসুর রহমান বিশ্বাস।

এছাড়া দোকানপাট ভাংচুর করা হয়েছে হামিদুল, জাকির, জামানুল ও মারুফ বিল্লাহর। ভাংচুরে বাধা দিতে গেলে তারাও মারপিটের শিকার হয়ে আহত হন। 

খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে ওসি মেহেদি রাসেল জানান, 'তুচ্ছ বিষয়  নিয়ে এ ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত।'

আরও পড়ুনঃ চান্দিনায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ

ঘটনাস্থলে মহাজোট প্রার্থীর উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, 'এটা সত্য নয়। মহাজোট প্রার্থী ওই এলাকায় এসেছিলেন নির্বাচনী মিটিং করার জন্য।'

ইত্তেফাক/নূহু