একুশের নতুন বই

ছড়া হাসে অনুবাদে

আমীরুল ইসলাম

প্রতিভা প্রকাশ

প্রচ্ছদ: ধ্রুব এষ। মূল্য: ২০০ টাকা

 

ইংরেজি ৬১টি ছড়ার অনুবাদ করেছেন সব্যসাচী শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। তাঁর কাছেই শোনা যাক এ সম্পর্কে—

‘ইংরেজি ভাষার ছড়া পড়ে বারবার মুগ্ধ হয়ে যাই। ছড়ার মধ্যে জীবনের ঘেরাটোপ, পরিপার্শ্ব, প্রকৃতি, বেঁচে থাকা, শিশুর জগত্, পরিবার, স্কুল, খাদ্যাভাস, জীবজন্তু নানাকিছু বারবার নানাভাবে উপস্থাপিত হয়।

বিদেশি ছড়া যখন পড়ি তখন আনন্দে মনটা ভরে ওঠে। এত ভালো লাগা! যেন রস উপচে পড়ে। আমরা ভিন্নভাষী পাঠক হলেও রস গ্রহণে কোনো বিঘ্ন হয় না। বাংলা ভাষায় রচিত গত ২০০ বছরের লিখিত ছড়া ও লোকছড়ার বিচিত্র ও বিশাল ভাণ্ডার। অমৃত পান করলে যেমন শেষ হয় না, বাংলা ছড়ারও ক্লান্তিহীন যাত্রা। শেষ হইয়াও অশেষ।

এর পাশাপাশি সাম্প্রতিক ইংরেজি ছড়া নিয়ে আমাদের আগ্রহ কম। যেমন আমরা কি শুধু লুইস ক্যারল, রবার্ট স্টিভেনসন আর এডওয়ার্ড লিয়রেই সীমাবদ্ধ থাকব? এই তৃষ্ণা থেকেই যাত্রা শুরু করি এবং গত শতকের সেরা কয়েকজন ইংরেজি-ছড়াকারের সঙ্গে পরিচিত হয়ে আমার চক্ষু উন্মোচন হয়। যেন সমুদ্র-মন্থন। আমি সামান্যই অবগাহন করেছি। তটরেখার পাশে আমার উত্সাহী মনের কিঞ্চিত্ ঘোরাঘুরি।’