দেশে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমানে বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিচারকদের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে। গতকাল শুক্রবার মাদারীপুরের শিবচর উপজেলায় ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির জন্য সম্ভাব্য স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শিবচর উপজেলাটি পদ্মার পাড়ে অবস্থিত। পদ্মা সেতু নির্মাণ হলে শিবচর দেশের গুরুত্ব স্থানে পরিণত হবে। তাছাড়া এখানকার নান্দনিক গুরুত্ব বেড়ে যাবে। সে কারণে শিবচরে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করার চিন্তাভাবনা করা হচ্ছে। সাধারণ জনগণকে ন্যায় বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে শিবচরে একটি চৌকি আদালতও স্থাপন করা হবে।

এর আগে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী আইনমন্ত্রীকে সঙ্গে নিয়ে শিবচর উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখান। উন্নয়নকাজ ঘুরে দেখে আইনমন্ত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, চিফ হুইপ শিবচরে যে উন্নয়নকাজ করেছেন তা অনুসরণ করলে বাংলাদেশের চিত্র বদলে যাবে এবং প্রধানমন্ত্রী যে উন্নয়নের স্বপ্ন দেখছেন তা বাস্তবে পরিণত হবে।

ভাঙ্গা সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইনজীবীদের জন্য নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা ভাঙ্গায় অবস্থিত এই আদালতে চাকরি করে গেছেন। তার স্মৃতিবিজরিত এই আদালত ভবনকে ইতিহাসের ঐতিহ্য হিসেবে রেখে পাশেই একটি আধুনিক ভবন নির্মাণ করা হবে। 

ফরিদপুর জেলা দায়রা জজ সেলিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি এসময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন দিয়ে ভাঙ্গাকে আধুনিক ভাঙ্গায় রূপান্তর করেছেন। তিনি এসময় আরো বলেন, ভাঙ্গা সহকারী জজ আদালত প্রতিষ্ঠা করা হয়েছে ১৩১ বছরের বেশি সময় আগে। কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত কোনো আইনমন্ত্রী এখানে আসেননি। এর কোনো উন্নয়ন ঘটাননি। আজকে দেশের বিজ্ঞ আইনমন্ত্রী এই আদালত চত্বরে এসেছেন।