বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে যুব প্রধান সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উদ্যোগে সোসাইটির জাতীয় সদর দপ্তরে যুব প্রধান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৬৪টি জেলা ও চার সিটি ইউনিট এবং জাতীয় দপ্তরের দায়িত্বরত যুব প্রধানসহ সারা দেশ থেকে ৬৯ জন যুব প্রধান অংশগ্রহণ করেন। ৪ ফেব্রুয়ারি যুব প্রধানদের অংশগ্রহণে ‘ডিজিটাল উদ্ভাবন’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা সোসাইটির ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়।

বুধবার যুব প্রধান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপি। বিশেষ অতিথি ছিলেন সোসাইটির ট্রেজারার লুত্ফুর রহমান চৌধুরী হেলাল, ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য অ্যাডভোকেট শিহাবউদ্দিন শাহিন ও আলহাজ গাজী মোজাম্মেল হোসেন টুকু। সভাপতিত্ব করেন সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার।

অনুষ্ঠানের প্রধান অতিথি হাফিজ আহমদ মজুমদার বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবকদের মানবতার কল্যাণে করা বিভিন্ন কার্যক্রম বিশ্বব্যাপী প্রশংসিত। তোমাদেরকে এই ধারা অব্যাহত রাখতে হবে। ভলান্টিয়ারদের জন্য শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে। বিনা খরচে এ বছর চার জন ভলান্টিয়ারকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ও রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে লেখাপড়া করার সুযোগ করে দেওয়া হয়েছে।

গত বুধবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর প্রাঙ্গণে জাতীয় সদর দপ্তর যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে পিঠা উত্সব অনুষ্ঠিত হয়। —প্রেস বিজ্ঞপ্তি