রামগতিতে ছয় জলদস্যু আটক

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগতির মেঘনা নদীতে মাছ ধরার নৌকায় ডাকাতি করার সময় ছয় জলদস্যুকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে জেলেরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন আবদুল্যাহর চরের অদূরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় জলদ্যুদের কাছ থেকে লোহার ছেনি, দুইটি দা ও রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় গুরুতর আহত জেলে মো. ছিদ্দিক রাঢ়ি ও মো. রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটক জলদস্যুরা হচ্ছে মো. কালাম, মো. খোরশেদ আলম, মো. জিসান, আশ্রাফ উদ্দিন বেলাল, মো. মাহফুজুল হক ও মো. কামাল। আলেকজান্ডার সেন্টার খাল মাছ ঘাটের আড়তদার মো. বাবুল দালাল জানান, রাতে তার আড়তের একটি মাছ ধরার নৌকা নিয়ে আট জেলেসহ ছিদ্দিক রাঢ়ি আবদুল্যাহর চরের অদূরে মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, এ ঘটনায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।