একই দিনে রিয়াল-বার্সার বিদায়

স্পোর্টস ডেস্ক

রাতের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে রিয়াল সোসিয়েদাদের কাছে ৪-৩ ব্যবধানে হারার পরপরই সম্ভাবনাটা উঁকি দিয়েছিল। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ১-০ ব্যবধানে হেরে বার্সেলোনা বিদায় নেওয়াতে আবারও পুনর্মঞ্চায়ন ঘটে এক বিরল দৃশ্যের। প্রায় ৬৫ বছর পর একই দিনে কোপা দেল রে থেকে বিদায় নিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

নিজেদের মাঠে রিয়ালের হারটা একটু অপ্রত্যাশিতই ছিল। জিনেদিন জিদানের শিষ্যরা টানা ২১ ম্যাচে অপরাজিত থেকে কোপার কোয়ার্টার ফাইনালে এসেছিল যে! দলটির ফরাসি কোচ মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে স্কোয়াডকে চোট-অবসাদমুক্ত রাখতেই এদিন বিশ্রাম দিয়েছিলেন নিয়মিত একাদশের খেলোয়াড় ফেরলান মন্ডি, ক্যাসেমিরোদের। সুযোগ পেয়েছিলেন মার্সেলো, হামেস রদ্রিগেজরা।

তবে এই খেলোয়াড় অদলবদলের খেসারতটা রিয়াল দেয় ম্যাচ হেরে। ২২ মিনিটে রিয়ালকে প্রথম আঘাতটা করেন সোসিয়েদাদে ধারে খেলা রিয়াল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া সফরকারী সোসিয়েদাদ আলেক্সান্দার ইসাকের লক্ষ্যভেদে ব্যবধান বাড়ায় ৫৪ মিনিটে। এক মিনিট পর আবারও তার লক্ষ্যভেদে ম্যাচটা রিয়ালের নাগালের বাইরে চলে যায়।

তবে জিদানের শিষ্যরা বিনাযুদ্ধে হার মানেননি। ৫৯ মিনিটে মার্সেলো ব্যবধান কমালেও দশ মিনিট পর মিকেল মরেনোর লক্ষ্যভেদে তিন গোলের ব্যবধান ফিরে পায় সফরকারীরা। এরপর ৮১ মিনিটে রদ্রিগো গোয়েজ আর অন্তিম সময়ে নাচো গোল করলেও সমতাসূচক গোলের দেখা আর পায়নি দলটি।

বার্সার হারটাও অনেকটা কোচ কিকে সেতিয়েনের অদলবদল করে খেলানোর দোষে এসেছে বলা চলে। চোটজর্জর দলকে আরো বিপদে পড়ার হাত থেকে বাঁচাতে এদিন ফরোয়ার্ড আন্তনিও গ্রিজমানকে বিশ্রাম দিয়েছিলেন কোচ। তাতে দলের সৃষ্টি করার সুযোগগুলোকে গোলে রূপ দিতে ব্যর্থ হচ্ছিলেন আনসু ফাতি, লিওনেল মেসি, সার্জি রবার্তোরা।

পুরো ম্যাচে নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও গোলমুখে কার্যকারিতার অভাব ভুগিয়েছে দলটিকে। অন্যদিকে বিলবাও পুরো ম্যাচে গোলমুখে শটই নিয়েছে দুটো, তাতেই জয় নিশ্চিত করে বাস্ক দলটি। অন্তিম মুহূর্তে ইবাই গোমেজের ক্রসে মাথা ছোঁয়ান ইনাকি উইলিয়ামস, এরপর সার্জিও বুসকেটসের গায়ে লেগে দিক বদলে জালে জড়ায় বলটি।

এর আগে মৌসুমের শুরুর ম্যাচেও এই বিলবাওয়ের মাঠেই শেষ মুহূর্তের গোলে হেরেছিল। সেবার কোচ হিসেবে ডাগ আউটে ছিলেন সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দে। কোচ বদলালেও বিলবাওয়ের মাঠে ভাগ্য বদলালো না বার্সার।

এদিকে কোচ সেতিয়েন জানালেন ফলাফলটা বাদে ভালোই ছিল দলের পারফরম্যান্স। তিনি বলেন, ‘বিদায় নেওয়াটা দুঃখের কিন্তু আমি মনে করি আমাদের যেসব জায়গায় উন্নতি প্রয়োজন সেক্ষেত্রে আমরা একধাপ এগিয়ে গিয়েছি। ফলাফলটা ছাড়া আমি এ ম্যাচ থেকে অনেক কিছুই নিতে চাই।’

বার্সার দুশ্চিন্তা বাড়িয়ে এদিন কুচকিতে ছোটো এক চোট নিয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার জেরার্ড পিকে। তাকে হারালে স্কোয়াডে সেন্টারব্যাকের সংখ্যা দাঁড়াবে মোটে দুইয়ে। তবে কোচের আশা, বড় কিছু নয় পিকের চোট। সেতিয়েনের ভাষ্য, ‘আমার মনে হয় সে একটু বেশিই কাজ করে ফেলেছে। তার চোট গুরুতর কিছু হবে, এমন আশা মোটেও করছি না।’