স্পোর্টস রিপোর্টার
পল্লীমঙ্গল উচ্চবিদ্যালয় জয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির প্রাথমিক পর্যায়ের শেষ পর্ব গতকাল শুক্রবার খুলনায় শুরু হয়েছে। দেশব্যাপী ৯টি ভেন্যুতে এ প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। এর মধ্যে সাতটি পর্ব চূড়ান্ত হয়েছে।
গতকাল দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে খুলনা পর্বের উদ্বোধনী খেলায় চুয়াডাঙ্গা একাডেমিকে ১-০ গোলে হারায় পল্লীমঙ্গল উচ্চবিদ্যালয়। পল্লীমঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ সৌরভ।
চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও সর্বশেষ খুলনায় অনুষ্ঠেয় ৯টি পর্ব থেকে সেরা দুই দল আসবে ঢাকায়। খেলবে শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াইয়ে। হকি ফেডারেশনের সূচি অনুযায়ী চলতি মাসের শেষেই চ্যাম্পিয়নশিপের লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা।