স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফ) বয়সভিত্তিক অনুশীলনে ফুটবলারদের হেড করার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। হেড করার ফলে বয়সকালে ফুটবলারদের মস্তিষ্কজনিত সমস্যার সমাধান খুঁজতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ইংলিশ ফুটবলের নীতিনির্ধারণী এই প্রতিষ্ঠান।
গেল অক্টোবরে পেশাদার খেলোয়াড়দের স্মৃতিবিভ্রমের ব্যাপারটা সামনে এসেছিল। এফএ ও প্রফেশনার ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) অর্থায়নে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের করা গবেষণাটিতে বয়সকালে স্মৃতিবিভ্রম ও মৃত্যুর সঙ্গে পেশাদার ফুটবলারদের সম্পর্কটি ফুটে ওঠে।
সেখানে দেখা যায়, মস্তিষ্কসংক্রান্ত রোগ নিয়ে মৃত্যুর ক্ষেত্রে সাবেক পেশাদার ফুটবলারদের ঝুঁকিটা সাধারণ মানুষদের থেকে সাড়ে তিন গুণ বেশি। এর কারণ হিসেবে গবেষকরা অপ্রাপ্তবয়সে অনুশীলনে বেশি বেশি হেড করাকেই দায়ী করেন।
এরপর থেকেই ইউরোপীয় ফুটবলে বয়সভিত্তিক পর্যায়ে অনুশীলনে হেড করার ওপর বিধিনিষেধ আরোপের ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গেল মাসে স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব-১২ ফুটবলে হেড করাকে একেবারে নিষিদ্ধই করে দিয়েছিল। একেবারে নিষিদ্ধ না করলেও এবার ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফ) হাঁটল সে পথেই। বয়সভিত্তিক অনুশীলনে ফুটবলারদের হেড করার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে তারা।
নতুন বিধিনিষেধে অনুশীলন সেশনে ঠিক কতবার হেড করতে পারবে খেলোয়াড়রা সেটা না জানা গেলেও ইংলিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে স্কটল্যান্ডের মতো হেড করাকে একেবারে নিষিদ্ধ করবে না এফএ।