ক্ষয়িষ্ণু মিলান ডার্বিতে নজর কাড়বেন ইব্রা?

স্পোর্টস ডেস্ক

মিলান ডার্বির পুরোনো রংটা ক্ষয়ে গেছে কবেই। দুদলের দ্বৈরথে এখন আর সান সিরোয় যুদ্ধের দামামা বাজে না। তবুও আজ যখন ইন্টার মিলানের মুখোমুখি হবে এসি মিলান, ক্ষয়ে যাওয়া জৌলুসটা কিছুটা হলেও ফেরাবেন জ্লাতান ইব্রাহিমোভিচ।

এক মৌসুম আগে চ্যাম্পিয়ন্স লিগে ফেরা ইন্টার মিলান চলতি মৌসুমে সিরি আ’র দৌড়ে আছে ভালোভাবেই। সে লক্ষ্য পূরণেই সদ্যসমাপ্ত জানুয়ারির দলবদলে ক্রিশ্চিয়ান এরিকসন, অ্যাশলে ইয়ং ও ভিক্টর মোজেজদের মতো প্রিমিয়ার লিগ মাতানো খেলোয়াড়দের দলে টেনেছে তারা।

এদিকে ইন্টারের সঙ্গে মিলানের ব্যবধান ১৯ পয়েন্টের হলেও আন্তনিও কন্তের দলকে যে ছেড়ে কথা বলবে না মিলান, তা বলাই বাহুল্য। সুইডিশ এই ফরোয়ার্ডের ইঙ্গিতও সেদিকেই। টুইটারে ইব্রা লেখেন, ‘সিংহেরা মানুষের মতো শব্দ করে না।’

আলো থাকবে সদ্য ইন্টারে আসা এরিকসনের ওপরও। তবে তিনি বলেন, ‘ইব্রা এমন ম্যাচে অভ্যস্ত, আমার তো কেবল শুরু! তাকে টিভিতে খেলতে দেখেছি, কিন্তু এখন তার বিপক্ষে খেলাটা ভিন্নই হবে।’