জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের উদ্যোগে একাত্তরের যুদ্ধশিশু অবিদিত ইতিহাস নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ও আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন। এছাড়া যুদ্ধশিশু অবিদিত ইতিহাসের লেখক মোস্তফা চৌধুরী বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব ও তার গবেষণাধর্মী লেখার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন অজানা তথ্য ও প্রশ্নের উত্তর দেন। বিশ্বের পাঁচটি দেশের তথ্যসূত্র নিয়ে এই বইটি সম্পাদনা করা হয়।
এই গ্রন্থে পাকিস্তান বাহিনী কর্তৃক বাঙালি নারীদের প্রতি নির্দয় ও বর্বরতার চিত্র উপস্থাপনসহ যুদ্ধশিশুদের জন্মকথা এবং তাদের জন্মপরবর্তী সময়ে করণীয় সম্পর্কে তত্কালীন বাংলাদেশ ও কানাডার প্রশাসনিক ও আইনি জটিলতা এবং উভয় দেশের শ্রেণিবৈষম্যবোধ, বর্ণবৈষম্যবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের খুঁটিনাটি বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।