হামলা-মামলা ও ভয়-ভীতির প্রতিবাদে নড়াইল- ১ আসনের বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলন করেছেন। রবিবার দুপুরে নড়াইল টাউন ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম।
সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, 'নেতা কর্মীদের নির্বাচনের মাঠে কাজ করতে দেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানো হচ্ছে। প্রার্থীর নিজের বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। নির্বাচনী এলাকার প্রায় ২শ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। নেতাকর্মীদের দোকান পাট ও বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হচ্ছে।'
অভিযোগে বলা হয় তিনি যে এলাকায় প্রচার-প্রচারণায় বের হচ্ছেন সেই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মহড়া দিয়ে ভয় দেখাচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী প্রতিনিয়ত আচরণ বিধি ভঙ্গ করলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না।
তিনি আরও বলেন, 'বিভিন্ন বিষয় একাধিকবার জেলা রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের নিকট লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।'
আরও পড়ুনঃ রাজশাহী-৬: মাঠে নেই বিএনপি, প্রচারণায় আওয়ামী লীগ
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু প্রমুখ।
ইত্তেফাক/নূহু