রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দে ঢুকে এক শিক্ষককে মারধর করায় দুই কলেজ ছাত্রকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত দুই ছাত্র কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামের রুবেল হোসেনের ছেলে নাদিম হোসেন (২০) ও ইদ্রিশ আলীর ছেলে হোসাইন আলী (২১)। তারা কেশরহাট ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুই ছাত্র এস এস সি পরীক্ষা শেষের আগেই কেন্দে র ভেতরে ঢুকে পড়তে চেষ্টা করলে কর্তব্যরত শিক্ষক আক্তারুল ইসলাম তাদের বাধা দেন। এ সময় তারা ঐ শিক্ষককে মারধর করে। পরে পুলিশ গিয়ে দুই জনকেই আটক করে। সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানওয়ার হোসেন তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়। মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।