অন্যান্য প্রাণির মতোই রাত শেষে সকাল হলে ঘুম থেকে জেগে ওঠে গাছেরা। তবে সব গাছের ঘুম একসঙ্গে ভাঙে না। কোনো কোনো গাছ খুব সকালে ঘুম থেকে জেগে ওঠে। কিছু গাছ একটু দেরিতে ঘুম থেকে ওঠে। আবার একই প্রজাতির গাছ শুধু একেক জায়গায় অবস্থানের কারণে ভিন্ন ভিন্ন সময়ে ঘুম থেকে জাগে। প্রাণিরা ঘুম থেকে উঠেই খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্যত্র বিচরণ শুরু করলেও গাছেদের ব্যাপারে বিষয়টি একটু অন্যরকম। এ কারণে সাধারণত গাছেদের ঘুম থেকে ওঠার বিষয়টি চোখে পড়ে না। সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশে থাকা ইকোস্ট্রেসের সহায়তায় এক গবেষণায় দেখতে পেয়েছেন গাছেরা কখন, কীভাবে ঘুম থেকে জাগে।
‘ইকোসিস্টেম স্পেসবোর্ন থার্মাল রেডিওমিটার অন স্পেস স্টেশন (ইকোস্ট্রেস)’কে নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছিল ২০১৮ সালের জুনে। মহাকাশ থেকে ইকোস্ট্রেস নজর রেখেছিল আমেরিকা ও কানাডার সীমান্তে একটি সুবিশাল হ্রদ ‘লেক সুপিরিয়র’-এর লাগোয়া এলাকায়। সেখানে গাছেরা কখন কীভাবে ঘুম থেকে ওঠে, সেসব বিষয়ের ওপর নজর রাখছিল ইকোস্ট্রেস। ইকোস্ট্রেস দেখেছে, লেক সুপিরিয়র আর তার গা-ঘেঁষা এলাকাগুলোর গাছেদের ঘুম ভাঙে সবার আগে; সকাল ৭টায়। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই। কোনো দিন কোনো পরিস্থিতিতেই গাছেদের সেই রুটিন বদলায় না। লেক সুপিরিয়র থেকে একটু দূরে থাকা গাছেরা সকালে ঘুম থেকে ওঠে ৮টায়। আর তার চেয়েও দূরে থাকা গাছেদের ঘুম ভাঙে সকাল ৯টায়।—আনন্দবাজার