যৌন হয়রানির অভিযোগে যবিপ্রবির শিক্ষককে মারধর

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. শিমুল কুমার সাহাকে মারপিট করেছেন অভিভাবকরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের পালবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন। আজ শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করবে। এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষকের অভিযোগ পেয়েছি। দুই পক্ষকে ডেকে বিষয়টি সম্পর্কে শুনব। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবীর জাহিদ জানান, শিক্ষার্থীদের নিয়ে ট্যুরে গিয়েছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ড. শিমুল কুমার সাহা ও সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম। সেখান থেকে ফেরার পথে শহরের পালবাড়ি মোড়ে এক ছাত্রীর ভাই ও বন্ধুরা শিক্ষক ড. শিমুল কুমার সাহাকে লাঞ্ছিত করেন। তাদের অভিযোগ ঐ শিক্ষক তাদের বোনের শ্লীলতাহানি করেছেন। এ ঘটনায় রাতেই থানায় জিডি করা হয়েছে। ভারপ্রাপ্ত উপচার্য ড. মো. আনিসুর রহমান বলেন, তদন্তে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।