বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যালট পেপার বাদ দিয়ে ইভিএমে ভোট দেওয়ার যে উদ্দেশ্য এবং এটাতে আরো কত সহজে ইলেক্ট্রনিক পন্থাতে ভোট চুরি করা যায় সেটা শত ভাগ নির্বাচন কমিশনই আজকে প্রমাণ করে দিয়েছে। এখন ইভিএমে টিপলেই নৌকায় ভোট পাওয়া যায়। যত টিপবেন, তত ভোট পাবেন। ঢাকা সিটিতে ৫ শতাংশের ওপরে ভোট হয় নাই, এখন ২৪ শতাংশ দেখিয়ে দিয়েছে। আওয়ামী লীগ যে কারণে ইভিএম করেছে সেটা দেশবাসীর কাছে স্পষ্ট হয়েছে। আমীর খসরু বলেন, আমি আগে বলেছিলাম, ইভিএম বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার জন্য। এখন সেটা বলছি না, কারণ তাতে পরিবেশ দূষণ হতে পারে। এখন বলব, এগুলো (ইভিএম) মণ-সের দরে স্টিল মিলগুলোতে বিক্রি করে দেন, অন্তত দেশের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির কিছু রড তৈরি হবে, আর কিছু স্টিলের ফার্নিচার তৈরি হবে। এটা দেশের অর্থনীতিতে হলেও কিছুটা ভূমিকা রাখতে পারবে।
গতকাল জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে আলোচনা সভায় তিনি একথা বলেন। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, এলডিপি একাংশের মহাসচিব সাহাদাত হোসেন সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।