গাজীপুরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সম্মেলন

ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের সহযোগিতা করব : শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান শ্রমিকদের উদ্দেশে বলেছেন, আপনাদের ন্যায্য দাবির পক্ষে আমাকে সব সময় পাশে পাবেন। মালিকদের কাছ থেকেও ন্যায্য দাবি আদায়ে সহযোগিতা করব। অভ্যন্তরীণ বিষয়ে বেগম জিয়ার মতো বিদেশি কারো কাছে অভিযোগ করবেন না। আমাদের সমস্যা আমরাই সমাধান করব। বাইরে থেকে এসে কেউ আমাদের সমস্যা সমাধান করে দেবে না।

গতকাল শুক্রবার তিনি গাজীপুর মহনগরীর বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মোসা. জাহানারা বেগমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিজিএমইএর সাবেক সহসভাপতি মো. হারুন-অর-রশিদ, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম মাসুদ প্রমুখ।