ট্রাম্পের বিরুদ্ধে তিনটি মামলা করার ঘোষণা ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক সন্ত্রাসবাদের জন্য আলাদা তিনটি মামলা করা হবে। লেবাননের আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি একথা বলেন। বৃহস্পতিবার জারিফের এ সাক্ষাত্কার প্রচারিত হয়। তিনি বলেন, গত ৩ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন সেনারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছে। এটা পরিষ্কারভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। এক প্রশ্নের জবাবে জারিফ বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদের জন্য এখন ট্রাম্প অভিযুক্ত। একইভাবে তিনি সাংস্কৃতিক সন্ত্রাসবাদে মদদ দিয়েছেন। ট্র্রাম্প আমাদের ঐতিহাসিক সাংস্কৃতিক স্থাপনাগুলোর ওপর হামলা চালানোর হুমকি দিয়েছেন। -পার্স টুডে