ভালোবাসা দিবসের নাটক

প্রত্যাশা নতুন গল্পে বিশেষ দিন

 বিনোদন প্রতিবেদক

 

দেশের সংস্কৃতি অঙ্গনের অন্য সব মাধ্যমের চেয়ে টিভি নাটকের অবস্থাটা রমরমা। নাটকের মান বা অন্যান্য বিষয়ের আগে নিয়মিত নাটক নির্মাণ হচ্ছে এই বিষয়টি অনেকটা এগিয়ে। কারণ খারপ ভালো যে ধরনের আলোচনাই হোক, আলোচনার জায়গা রয়েছে এখানে। তবে এর অন্যতম কারণ অনলাইন প্লাটফর্ম। টিভি নাটকের দর্শক এখন টিভির চেয়ে ইউটিউবে বেশি। ইউটিউবের যেকোনো কন্টেন্টের চেয়ে নাটকের চাহিদা অনেকগুণ বেশি। তাই প্রতিটি টিভি চ্যানেলেরও অন্যতম বাণিজ্যের জায়গা ইউটিউব। শুধু টিভি চ্যানেল নয়, মিউজিক কোম্পানিগুলোর ইউটিউব চ্যানেলেও গানের চেয়ে নাটকের সংখ্যাটা বেশি। কারণ ডিজিটাল কন্টেন্টের বাণিজ্য মানেই নাটক। বিষয়টি এই পর্যন্ত বেশ প্রশংসার দাবি রাখে। তবে মান নিয়ে প্রশ্ন এলে বিভিন্ন সমালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে এই অঙ্গনটাকে। অল্প বাজেটের নাটক, ঘুরেফিরে নাটকের একই মুখ, একই পরিচালক ও অভিনয়শিল্পীর বিশেষ দিনগুলোতে প্রায় ডজনখানেক নাটক। সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এই বিষয়গুলো নাটকের মান প্রায় তলানিতে এসে ঠেকেছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

এবার ভালোবাসা দিবসে প্রচার হবে প্রায় শতাধিক নাটক। এরইমধ্যে প্রায় শেষ হয়েছে সব নাটকের প্রস্তুতি। যদিও আগের দিন পর্যন্ত বিভিন্ন নাটক জমা পড়ে টিভি স্টেশনে। তবে বেশিরভাগ কাজই শেষ এরইমধ্যে। তবে গত কয়েক বছর ভালোবাসা দিবসের ভিন্ন কোনো গল্প দেখা যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। তবে এবার নির্মাতাদের কথা সেই জায়গা থেকে বের হয়েছে অনেকটা। তবে সেটি এখনো প্রচারের অপেক্ষায়।

এবার ভালোবাসা দিবসে পরিচালক শিহাব শাহিন ৩টি নাটক প্রচার হবে। এরমধ্যে একটি গতবছরের সিক্যুয়েল ‘অবুঝ দিনের গল্প টু’। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের থাকছে ৩টি নাটক নাম ‘আই হেড লাভ স্টোরি’, ‘ভেরি রিসেন্টলি’, ‘সেই তো এলে তুমি’। এই সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিনের থাকছে ৪টি নাটক। ‘স্যার আই লাভ ইউ’ ও ‘সিক্যুয়েল মি অ্যান্ড ইউ-দি লাস্ট চ্যাপ্টার’। মাবরুর রশীদ বান্না নির্মাতা ভালোবাসা দিবসে নির্মাণ করছেন ৫টি নাটক। নির্মাতা অনম বিশ্বাস নির্মাণ করেছেন ‘তোমার পাশে হাঁটতে দিও’। নাটকটির মধ্য দিয়ে প্রথমবারের মতো ছোটপর্দায় অভিনয় করলেন ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ। এছাড়াও আশফাক নিপুণ, সাগর জাহান, ইমরাউল রাফাত, মহিদুল মুহিন নির্মাণ করেছেন।

এবারের নাটকগুলোতে ঘুরেফিরে অভিনয় করেন মোশাররফ করিম, আবদুর নূর সজল, জিয়াউর ফারুক অপূর্ব, আফরান নিশো, তাহসান খান, জোভান আহমেদ, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, মনোজ কুমার প্রমুখ। ­