মোজাহেদুল ইসলাম
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়ো আইসিটি এক্সপো-বেসিস সফটএক্সপো ২০২০।
বেসিস সফটএক্সপোর দ্বিতীয় দিন গত রাতে ব্রাক ব্যাংকের সহযোগিতায় আয়োজন করা হয় সিএক্সও লিডারশিপ মিট। যেখানে এক ছাদের নিচে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
মেগা এই ইভেন্টে সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রযুক্তিগত উত্কর্ষ সাধন ও প্রস্তুতি বিষয়ে আলোচনায় অংশ নেন বক্তারা।
এসময় সনি করপোরেশনের সাবেক প্রেসিডেন্ট এবং সিওও কুনিতাকে আন্দো বলেন, আজ আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে। প্রতিনিয়ত তথ্যপ্রযুক্তির প্রসার বদলে দিচ্ছে জীবনমান, তথ্যপ্রযুক্তির এ ধারায় চতুর্থ শিল্পবিপ্লবে আমূল পালটে যাবে গতানুগতিক জীবনধারা। প্রতিটি খাতই এ পালাবদলের মধ্য দিয়ে যাবে। তথ্যপ্রযুক্তির পালা-বদলের ধারার সঙ্গে তাল মিলিয়ে যারা সেরা প্রস্তুতিটা নিতে পারবে তারাই টিকে থাকবে, এগিয়ে যাবে অগ্রগতির নতুন সোপানের দিকে।
সিম্মি টেকনলজিসের সিইও সারা ক্রসলে বলেন, আমাদের সংগঠনের সদস্যেদের ইতোমধ্যে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করতে কাজ শুরু করে দিয়েছি। এই জন্য আমরা একটি উদ্যোগ নিয়েছি, যার নাম রিসার্চ অ্যান্ড ডেভেলপ ইন বাংলাদেশ।
বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বাংলাদেশে যদিও অনেক কিছু দেরিতে শুরু হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে খুব অল্প সময়ে আমরা সেই জায়গাটা ধরতে পেরেছি। আমরা এখন প্রযুক্তি নিয়ে চিন্তা করার পাশাপাশি দক্ষ জনবল গড়ার পেছনে চিন্তা করছি। সরকারে এ ব্যাপারে যথেষ্ট পজিটিভ মনোভাব রয়েছে। আমরা সরকারের সহযোগিতায় আমাদের কাজের সুযোগ ও পরিধি আরো বাড়ানোর চেষ্টা করছি।
অনুষ্ঠানে অন্য খাত থেকে বেসিস সদস্য প্রতিষ্ঠানের সাথে সফলভাবে বিটুবি সেশন সমপন্ন করা প্রতিষ্ঠানের মধ্য থেকে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানকে ‘বেসিস টপ টেন ডিজিটাল-রেডি কোম্পানিকে সম্মাননা প্রদান করা হয়।
এ সেশনের বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্রাক ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হুসাইন, এসইআই লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান, এপেক্স ফুটওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নাসিম মনজুর। প্যানেল সেশন পরিচালনা করেন বেসিস সভাপতি বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর।
আইসিটি ক্যারিয়ার ক্যাম্পে শিক্ষার্থীদের ঢল
গতকাল বেসিস সফটএক্সপোর তৃতীয় দিনে দুই হাজারেরও বেশি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প। বেসিস স্টুডেন্টস ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আইসিটি ক্যারিয়ার ক্যাম্পকে তিনটি সেশনে ভাগ করা হয়। দুটি সেশনে সফল ব্যক্তিত্বরা ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে সংযোগ সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা কথা বলেন। সেশন দুটি সভাপতিত্ব করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর ও বেসিস পরিচালক দিদারুল আলম।
প্রথম সেশনে বক্তব্য রাখেন, অগমেডিক্সের কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান, রবি আজিয়াটা লিমিটেডের প্রধান করপোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ শাহেদুল আলম, গ্রামীণফোন লিমিটেডের চিফ বিজনেস অফিসার- সিবিও মাহমুদ হোসেন, ব্রেনস্টেশন ২৩-এর সিওও এম জে ফেরদৌস।
দ্বিতীয় সেশনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম, মাইটি বাইটের নির্বাহী পরিচালক নওশের রহমান, আইসিটি বিভাগের দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. নরুজ্জামান, নগদ-এর ম্যানেজিং ডিরেক্টর তানভীর এ মিশুক এবং ডিওয়াইডিএফের নির্বাহী কাউন্সিলের নির্বাহী পরিচালক অমিয় প্রাপণ চক্রবর্তী।
অনুষ্ঠানে বেসিস সফটএক্সপোর সার্বিক আয়োজন এবং সফটএক্সপোতে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প উপলক্ষ্যে আয়োজিত ক্যাম্পাস অ্যাক্টিভিশনের বিভিন্ন দিক তুলে ধরেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং বেসিস সফটএক্সপো ২০২০-এর আহ্বায়ক ফারহানা এ রহমান। অনুষ্ঠানে একক সেশনে বক্তব্য রাখেন ফিউচার সিটি সাবমিটের সিইও সাদমান সাদাব।
মেগা এই ইভেন্টে বক্তারা বলেন, তথ্য ও প্রযুক্তি এমন একটি বিষয় যেটাতে দক্ষতা অর্জন করলে শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর যে কোনো দেশেই এটা কাজে লাগবে এবং চাকরি পাওয়া সহজ হবে। আমরা চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছি। এই শিল্প বিপ্লবের সঙ্গে আইওটি, রোবোটিক্স, ব্লকচেইনও এসে গেছে।
সবশেষে প্যানেলিস্টদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, বেসিস জ্যেষ্ঠসহ সভাপতি ফারহানা এ রহমান, বেসিসের সহসভাপতি (অর্থ) মুশফিকুর রহমান এবং পরিচালক দিদারুল আলম ।