সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে বাবা শামসুর রহমান ঢালী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামসুর রহমান ঢালী (৬৫) ঐ গ্রামের মৃত বদর উদ্দীন ঢালীর ছেলে।
স্বজনদের উদ্ধৃতি দিয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, সকালে শামসুর রহমান ঢালীর ছেলেমেয়েরা নিজেদের জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘাতে লিপ্ত হয়। এ সময় তাদের ঠেকাতে গেলে ছেলে মিয়ারাজ ঢালীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি দেলোয়ার হুসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।