নির্বাচনে অংশগ্রহণ

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যাবেন খালেদা জিয়া

একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশনা চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এসব আবেদন দাখিল করা হবে। আবেদনের হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়েছে। গত ১৮ ডিসেম্বর হাইকোর্টের তৃতীয় বেঞ্চ মনোনয়নপত্র গ্রহণের নির্দেশনা চেয়ে খালেদা জিয়ার করা তিনটি রিট আবেদন সরাসরি খারিজ করে দেয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন। 

তিনি বলেন, রবিবার আবেদনগুলো এফিডেভিট না হওয়ায় দাখিল করা সম্ভব হয়নি। এজন্য সোমবার এফিডেভিট সম্পন্ন করে তা দাখিল করা হবে। 

প্রসঙ্গত, নির্বাচনে অংশগ্রহণের লক্ষে খালেদা জিয়ার রিট আবেদনের ওপর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ দ্বিধাবিভক্ত আদেশ দেয়। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জেবিএম হাসানের একক বেঞ্চে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 

আরও পড়ুন: নির্বাচন-সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদার

ইত্তেফাক/এমআই